পাচার হওয়া কিশোরী উদ্ধার, ‘মূল হোতা’ আটক
ভারতে পাচারের সময় সীমান্ত এলাকা থেকে এক কিশোরীকে উদ্ধার করার কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
আজ রোববার সকালে ফরিদপুর র্যাব-৮-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রইচ উদ্দিন জানান, গত ২৮ এপ্রিল ফরিদপুরের নগরকান্দা থেকে ওই কিশোরীকে পাচারের জন্য নিয়ে যাওয়া হয়। গতকাল শনিবার ভোর ৬টার দিকে যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরীর স্বামীকে ফরিদপুর থেকে আটক করা হয়। এর পর তাঁর দেওয়া তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রইচ উদ্দিন ও জ্যেষ্ঠ পুলিশ সুপার শেখ বিল্লাল।
ঘটনায় জড়িত সন্দেহে ‘মূল হোতা’ কালিপদ দাস, সহযোগী বাবু সোনা ও মো. রইচ মণ্ডলকে আটক করা হয়।
এ ব্যাপারে ফরিদপুরের নগরকান্দা থানায় কিশোরীর মা বাদী হয়ে মানবপাচার আইনে মামলা করেছেন।

সঞ্জিব দাস, ফরিদপুর