কেশবপুরে ‘জামায়াত-শিবিরের’ দুজন আটক
যশোরের কেশবপুর উপজেলার মূলগ্রাম থেকে আজ বুধবার এক মাদ্রাসাশিক্ষক ও তাঁর মাদ্রাসা পড়ুয়া ছেলেকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে দুটি হাতবোমা উদ্ধারের দাবি করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার মাগুরখালী দাখিল মাদ্রাসার শিক্ষক মূলগ্রামের বাসিন্দা তোফাজ্জল হোসেন সানা ও তাঁর ছেলে খুলনার সোনাডাঙ্গার দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ছাত্র এহসানুল কবীর।
পুলিশের ভাষ্যমতে, তোফাজ্জল জামায়াতে ইসলামীর কর্মী ও তাঁর ছেলে ইসলামী ছাত্রশিবিরের সাথী।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে আজ সকালে উপজেলার মূলগ্রাম গ্রামের তোফাজ্জলের বাড়িতে জামায়াত শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে তাঁর নেতৃত্বে পুলিশ ওই বাড়িতে হানা দেয়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে অংশ নেওয়া অন্য পালিয়ে যান। পুলিশ তোফাজ্জল ও তাঁর ছেলে এহসানুল কবীরকে আটক করে। এ সময় পুলিশ দুটি হাতবোমা, জামায়াত-শিবিরের সদস্য রেজিস্টার খাতা, সদস্য ফরম, চারটি ডায়েরি, চারটি সাইকেল ও দুটি মোটরসাইকেল উদ্ধার করে।
ওসি সহিদুল ইসলাম জানান, বাপ-ছেলেকে নিয়ে অন্যদের আটকের জন্য অভিযান চলছে।

আশরাফ-উজ-জামান খান, কেশবপুর