বেনাপোলে এসিডদগ্ধ সেই শ্রমিকের মৃত্যু
যশোরের বেনাপোল স্থলবন্দরে ট্রাকে ড্রাম লোড করার সময় এসিডদগ্ধ হয়ে আহত দুই শ্রমিকের মধ্যে ইয়াকুব আলী (৪০) নামের একজন মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৪ দিন পর গতকাল বৃহস্পতিবার রাতে ইয়াকুব মারা যান।
ইয়াকুব আলীর বাড়ি বেনাপোলের পুটখালী ইউনিয়নে। তিনি বেনাপোল বন্দরের ৮৯১ নম্বর শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন।
বেনাপোল বন্দরের উপপরিচালক আমিনুল ইসলাম জানান, গত ২০ এপ্রিল রাতে বন্দরের ৩৮ নম্বর শেডে এসিডের ড্রাম ট্রাকে তোলা হচ্ছিল। এ সময় ড্রাম ফেটে গিয়ে ইয়াকুব আলী ও আশরাফ আলী নামের দুই শ্রমিক গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে প্রথমে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে ইয়াকুব আলী মারা যান। বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন সম্পন্ন হবে।

মহসিন মিলন, বেনাপোল