সংঘর্ষে সমর্থন দেওয়া নিয়ে সংঘর্ষ!
ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের নারানদিয়া গ্রামে দুইপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আজ রোববার সকালের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে নারানদিয়া গ্রামের পাশের বলিভদ্রদিয়া গ্রামে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হওয়ার কথা ছিল। এই সংঘর্ষে সমর্থন দেওয়া নিয়ে গতকাল শনিবার রাতে নারানদিয়া গ্রামের আজিজ শরীফের সঙ্গে রামকান্তপুর ইউনিয়নের পরিষদের (ইউপি) সদস্য রেজাউল শেখের কথা কাটাকাটি হয়। এর জের ধরে রোববার সকালে নারানদিয়া গ্রামে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র ঢাল-কাতরা, সড়কি-ভেলা, রামদা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়।
খবর পেয়ে সালথা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে খায়ের শেখ (৫০), ইসহাক শেখ (৪৫), ইদ্রিস মোল্যা (৩৫), ফিরোজ শেখ (২০), হানিফ শেখ (৬৫) ও রব শেখসহ (২০) উভয় পক্ষের ১০ জন আহত হয়। খায়ের শেখ ও ইসহাক শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আমিনুল হক জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন এলাকা শান্ত রয়েছে।

সঞ্জিব দাস, ফরিদপুর