ফরিদপুরে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ
ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের একটি গ্রামে অষ্টম শ্রেণিতে পড়–য়া এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
আজ শুক্রবার ওই কিশোরীর বাবা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে সদরপুর থানায় মামলা করেন।
খোঁজ নিয়ে জানা যায়, গতকাল রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয় ওই কিশোরী। এ সময় ওত পেতে থাকা একই গ্রামের বাবু কাজী (২১), ফারুক মুন্সী (১৮) ও সাখাওয়াত কাজীসহ (২২) একদল বখাটে মুখ বেঁধে তাকে তুলে নিয়ে যায়। তারা ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে।
পরে কিশোরীর বাবা, মা ও স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজির পর আজ শুক্রবার ভোররাত ৪টার দিকে বাড়ির সামনে রাস্তায় মেয়েকে পড়ে থাকতে দেখেন। পরে সকালে সদরপুর থানায় মেয়েটিকে নিয়ে গেলে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ এনটিভি অনলাইনকে জানান, এ ব্যাপারে সদরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা নেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত হিসেবে একটি রক্তমাখা পলিথিন জব্দ করেছে। তিন আসামিকে ধরতে অভিযান চালানো হচ্ছে।
ওসি আরো জানান, ধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে ওই কিশোরীকে ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।

সঞ্জিব দাস, ফরিদপুর