দুদু ও রিজভীর জামিন নাকচ
রাজধানীর পল্টন থানায় করা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের একটি মামলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর জামিন নাকচ করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ জামিন নাকচ করেন। এদিন মামলাটির জামিন শুনানির জন্য দিন নির্ধারণ ছিল।
শামসুজ্জামান দুদু ও রুহুল কবির রিজভীর পক্ষে আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ জামিন চেয়ে শুনানি করেন।
শুনানি শেষে জামিন নাকচের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন জয়নাল আবেদিন মেজবাহ।
চলতি বছরের শুরুতে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের হরতাল-অবরোধ চলাকালে পল্টন থানা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা করে পুলিশ।
গত ১১ জানুয়ারি মিরপুর এলাকা থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে আটক করে পুলিশ। অপরদিকে রুহুল কবির রিজভীকে গত ৩০ জানুয়ারি রাত পৌনে ৩টার দিকে রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে গ্রেপ্তার করে র্যাব। এ মুহূর্তে তাঁরা দুজনই গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন।

নিজস্ব সংবাদদাতা