চাঁদ দেখা যায়নি, শুক্রবার থেকে রোজা
বাংলাদেশের কোথাও আজ বুধবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল বৃহস্পতিবার শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং পরের দিন শুক্রবার থেকে ১৪৩৬ হিজরি সনের পবিত্র রমজান মাস গণনা করা হবে। তাই আগামীকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সেহরি খেয়ে রোজা শুরু করবেন মুসল্লিরা।
urgentPhoto আজ বুধবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান। ধর্মমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবুল হোসেন এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সভার জানানো হয়, আগামী ১৪ জুলাই (মঙ্গলবার) দিবাগত রাতে সারাদেশে পবিত্র ‘লাইলাতুল কদর’ উদযাপিত হবে।
সভায় ধর্ম সচিব ড. চৌধুরী মো. বাবুল হাসান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য সচিব সামীম মোহাম্মদ আফজাল, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন) মো. মাকছুদুর রহমান পাটওয়ারী, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শহিদুজ্জামান, যুগ্মসচিব মো. আমজাদ আলী, প্রধান তথ্য কর্মকর্তা তছির আহাম্মদ, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নূরুল ইসলাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (বার্তা) নাসির আহমেদ, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় ১৪৩৬ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে, মাহে রমজান উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম মসজিদের দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামী বই মেলা শুরু হয়েছে। বই মেলার উদ্বোধন করেন ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

অনলাইন ডেস্ক