এরশাদের দুর্নীতি মামলায় যুক্তি উপস্থাপন ১৩ জুলাই
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে বিমানের রাডার ক্রয়সংক্রান্ত দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ১৩ জুলাই দিন রেখেছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লার আদালতে এ মামলায় যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য ছিল।
সকাল ১১টায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুস সালাম মামলার যুক্তি উপস্থাপন শুরু করেন। প্রায় দেড় ঘণ্টা যুক্তি উপস্থাপনের পর শেষ না হওয়ায় বিচারক আজকের শুনানি মুলতবি করে আগামী ১৩ জুলাই পরবর্তী যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য করেন।
মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ছাড়াও অন্য আসামিরা হলেন বিমানবাহিনীর সাবেক সহকারী প্রধান মমতাজ উদ্দিন আহমেদ, বিমানবাহিনীর সাবেক প্রধান সুলতান মাহমুদ ও ইউনাইটেড ট্রেডার্সের পরিচালক এ কে এম মুসা। এদিকে মামলার শুরু থেকে আরেক আসামি মুসা পলাতক রয়েছেন।
১৯৯২ সালের ৪ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো মামলাটি দায়েরের পর ১৯৯৪ সালের ২৭ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করে। ১৯৯৫ সালের ১২ আগস্ট মামলাটিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
মামলায় অভিযোগ করা হয়, তৎকালীন বিমানবাহিনীপ্রধান সদর উদ্দিন আহমেদ তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে বাহিনীর জন্য যুগোপযোগী রাডার ক্রয়ের আবেদন করেন।
জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ফ্রান্সের থমসন সিএসএফ কোম্পানির নির্মিত অত্যাধুনিক একটি হাই পাওয়ার রাডার ও দুইটি লো লেভেল রাডার ক্রয়ের প্রস্তাব অনুমোদন করা হয়।
সাবেক রাষ্ট্রপতি এরশাদসহ অপর আসামিরা পরস্পর যোগসাজসে আর্থিক সুবিধাপ্রাপ্ত হয়ে ফ্রান্সের থমসন সিএসএফ কোম্পানির অত্যাধুনিক রাডার না কিনে বেশি দামে যুক্তরাষ্ট্রের ওয়েস্টিং কোম্পানির রাডার কিনে সরকারের ৬৪ কোটি চার লাখ ৪২ হাজার ৯১৮ টাকা আর্থিক ক্ষতি করেছিলেন বলে মামলায় অভিযোগ করা হয়।

নিজস্ব সংবাদদাতা