একে একে অসুস্থ ৯ ছাত্রী, স্কুলজুড়ে আতঙ্ক
মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের একটি স্কুল খৈয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয়। গত রোববার সকাল ১০টার দিকে স্কুলটিতে ক্লাস শুরুর পর দশম শ্রেণির ছাত্রী দোলা আক্তার, আঁখি আক্তার, তামান্না আক্তার, মুনতাহিনা, জান্নাতুলসহ ছয়জন এক এক করে জ্ঞান হারিয়ে বেঞ্চ থেকে পড়ে যায়। এর পর সপ্তম শ্রেণির কোহিনুর ও সেতু নামে দুই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে ষষ্ঠ শ্রেণির ছাত্রী শান্তাও অসুস্থ হয়ে পড়ে।
একদিনে নয় ছাত্রীর এই অসুস্থ হওয়ার ঘটনায় স্কুল ও এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার দিন রোগটির নাম বলতে পারেননি কেউই। পরে জেলা সিভিল সার্জন দিলীপ কুমার দাস এটিকে মাস সাইকোসোমাটিক রোগ হিসেবে চিহ্নিত করেন।
খোঁজ নিয়ে জানা যায়, অজ্ঞান হওয়া পাঁচ ছাত্রীকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্কুলটির প্রধান শিক্ষক মো. নুরু ইসলাম মাতুব্বর জানান, ছাত্রীরা কী কারণে অসুস্থ হয়ে পড়েছে, তা জানা যায়নি। তবে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
মাদারীপুরের সিভিল সার্জন দিলীপ কুমার দাস জানান, এই রোগের নাম মাস সাইকোসোমাটিক। এটা এক ধরনের মানসিক সমস্যা। একজন আক্রান্ত হলে তার দেখাদেখি অন্যরাও আক্রান্ত হয়। এর জন্য কাউন্সেলিং প্রয়োজন। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

এম. আর. মুর্তজা, মাদারীপুর