আপিল বিভাগে নতুন রেজিস্ট্রার জেনারেল নিয়োগ
সুপ্রিম কোর্টের বর্তমান রেজিস্ট্রার সৈয়দ আমিনুল ইসলামকে আপিল বিভাগের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ রোববার সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।
নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি এস কে সিনহা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সৈয়দ আমিনুল ইসলাম এ পদে বহাল থাকবেন।
এর আগে হাইকোর্ট ও আপিল বিভাগ মিলিয়ে একজন রেজিস্ট্রার ছিল। সারা দেশে বিচার কার্যক্রমে গতি আনতে দুজন রেজিস্ট্রারকে নিয়োগ দেওয়ার কথা বলে আসছেন প্রধান বিচারপতি।
এ বিষয়ে নিয়োগপ্রাপ্ত সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার আমিনুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘নিয়োগের আদেশ আজ হাতে পেয়েছি। আমি চেষ্টা করব দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে মামলা কার্যক্রমকে আরো সচল করার।’
উচ্চ আদালতের প্রশাসনিক কাজে গতি আনতে প্রধান বিচারপতি হাইকোর্ট ও আপিল বিভাগের জন্য পৃথক পৃথক রেজিস্ট্রার নিয়োগের প্রস্তাব করেন। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে অনুমোদন দেওয়ার পর ১ জুন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে চিঠি দিয়ে নতুন পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়।

জাকের হোসেন