পাঁচবিবিতে বাগজানা প্রাথমিক বিদ্যালয়ের ১৩২ বর্ষপূর্তি উদযাপন
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩২ বর্ষ ও উচ্চ বিদ্যালয়ের অর্ধশত বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান হয়েছে।
আজ শনিবার বর্ণাঢ্য র্যালি, দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা প্রদান, রক্তদান, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষক-শিক্ষার্থীদের স্মৃতিচারণাসহ নানা আয়োজনে বর্ষপূর্তি উদযাপন করা হয়।
সকাল ১০টায় বিদ্যালয় চত্বরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু। পরে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শ মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
দুপুরে প্রাক্তন ছাত্র ও হাকিমপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হকের সভাপতিত্বে স্মৃতিচারণা অনুষ্ঠান হয়। এতে বক্তব্য দেন সাবেক যুগ্ম সচিব হারুনুর রশিদ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. আলাউদ্দীন আল আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরউদ্দিন আল ফারুক, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট