কেশবপুরে ট্রাকের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
যশোরের কেশবপুর উপজেলায় আজ রোববার ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে এবং ট্রাকটি আটক করে থানায় নিয়ে গেছে।
কেশবপুর থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকেল ৫টায় যশোর-সাতক্ষীরা সড়কের কেশবপুরের আলতাপোল তালতলা নামকস্থানে সাতক্ষীরাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-৮১১৫) কেশবপুরমুখী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক হাসান শেখ (৩৫) নিহত হন। গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী সাদ্দাম হোসেন (৩২)। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কৈয়া সেতুর কাছে তাঁর মৃত্যু হয়। সাদ্দামের নিকটাত্মীয় আবদুর রশিদ এই তথ্য জানিয়েছেন।
নিহত হাসান শেখ খুলনার ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামের ইসাহাক আলী শেখের ছেলে। একই গ্রামের মোবারক গাজীর ছেলে সাদ্দাম।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাসান শেখের লাশ উদ্ধার করে এবং ট্রাকটি আটক করে।

আশরাফ উজ জামান খান, কেশবপুর