মেয়র পদে চারপ্রার্থীর মনোনয়ন বৈধ
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে প্রার্থীদের যাচাই ও বাছাই শুরু হয়েছে। মেয়র পদে একজনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। অন্য চার প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
আজ রোববার মনোনয়নপত্র যাচাই ও বাছাইয়ের কাজ শুরু হয়। প্রথম দিন মেয়র পদপ্রার্থীদের মনোনয়নপত্র যাচাই ও বাছাই করা হয়। পরে রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল চারজন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে বলে জানান। আগামীকাল সোমবারও যাচাই ও বাছাইয়ের কাজ হবে।
বৈধ হওয়া চার প্রার্থী হলেন, বিএনপির মনিরুল হক সাক্কু, আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা, জেএসডির শিরিন আক্তার ও প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির (পিডিপি) সোয়েবুর রহমান।
বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী মেজর (অব) মামুনুর রশিদের মনোনয়নপত্র।
যাচাই ও বাছাইশেষে নাম ঘোষণার সময় রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত ছিলেন মেয়র পদপ্রার্থীরা। পরে নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু ও আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা।
গত ২ মার্চ শেষ দিনে মেয়র পদে পাঁচজন মনোনয়নপত্র জমা দেন। একইসঙ্গে সংরক্ষিত কাউন্সিলর পদে ৪২ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৪৫ জন মনোনয়নপত্র জমা দেন।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা