জটে পড়ে জোড়া খুন, এমপিপুত্র কারাগারে
রাজধানীতে জোড়া খুনের ঘটনায় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনিকে আবার কারাগার পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর হাকিম।
urgentPhoto চারদিনের রিমান্ড শেষে আজ শনিবার দুপুরে বখতিয়ার আলমকে ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নুরের আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন না থাকায় তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
গত ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটন রোডে জটে পড়ে বখতিয়ার একটি প্রাডো গাড়ি থেকে গুলি ছুড়লে গুরুতর আহত হন রিকশাচালক হাকিম এবং জনকণ্ঠের অটোরিকশাচালক ইয়াকুব আলী। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান। এ ঘটনায় সাংসদ পিনু খানের ছেলে বখতিয়ার ও তাঁর গাড়ি চালক ইমরান ফকিরকে ৩১ মে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বখতিয়ারের ব্যবহৃত প্রাডো গাড়িটি তাঁর মা পিনু খানের। সাংসদদের শুল্কমুক্ত কোটায় তিনি গাড়িটি এনেছেন। শিগগিরই গাড়িটি জব্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের জিঙ্গাসাবাদের বখতিয়ার স্বীকার করেছেন নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি থেকে লাইসেন্স করা পিস্তল দিয়ে গুলি করে তিনি দুজনকে হত্যা করেছেন।

নিজস্ব প্রতিবেদক