মির্জা ফখরুল হাসপাতালে
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থতার কারণে আজ শনিবার তাঁকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকায় আনা হয়।
urgentPhoto
এর আগে গত মঙ্গলবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করার নির্দেশ দেন হাইকোর্ট। তাঁর স্ত্রী রাহাত আরা বেগমের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি ইকবার কবির লিটনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল মজিদ জানিয়েছেন, মির্জা ফখরুলের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হবে। চিকিৎসকরা যদি প্রয়োজন মনে করেন তাহলেই মির্জা ফখরুলকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রাখা হবে।
চলতি বছর এর আগেও বিএনপির এই মহাসচিবকে তিনবার হাসপাতালে নেওয়া হয়েছিল। প্রতিবারই তাঁকে মেডিকেল চেকআপ করে ছেড়ে দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক