ক্ষেতলাল বিএনপির একাংশের বিক্ষোভ, জেলা কমিটি বাতিলের দাবি
জয়পুরহাট জেলা বিএনপির নতুন কমিটিতে বিতর্কিতদের স্থান দেওয়ার অভিযোগ এনে কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে ক্ষেতলাল উপজেলা বিএনপির একাংশ।
আজ শনিবার দুপুরে ক্ষেতলাল সদরে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা নতুন কমিটির সভাপতি মোজাহার আলী প্রধান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাফিজুর রহমান পলাশের কুশপুতুল দাহ করেন। পরে তাঁরা উপজেলা বিএনপির কার্যালয়ে তালা লাগিয়ে দেন। এ সময় জেলা বিএনপির সদস্য খুরশিদ আলম উপস্থিত ছিলেন।
এদিকে, একই দাবিতে গতকাল শুক্রবার বিকেলে জয়পুরহাটের কালাইয়ে সড়ক অবরোধ করে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কুশপুতুল দাহ করেন উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা।
এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি ও বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী মণ্ডল বলেন, জয়পুরহাট জেলা বিএনপির নতুন ঘোষিত কমিটি ভালো হয়েছে। যোগ্যরাই কমিটিতে স্থান পেয়েছেন। যাতে করে দল সামনের দিকে এগিয়ে যেতে পারে। যাঁরা বিরোধিতা করছেন, তাঁরা দলের খুবই ক্ষুদ্র অংশ। প্রয়োজনে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট