পিলখানা হত্যাকাণ্ডের আসল অপরাধীরা বিচারের বাইরে : মওদুদ
রাজধানীর পিলখানায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীরা এখনো বিচারের বাইরে রয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
আজ শনিবার সকালে রাজধানীতে এক আলোচনা সভায় মওদুদ এই অভিযোগ করেন।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি কিছু বিপথগামী বিডিআর সদস্যের বিদ্রোহের ঘটনায় প্রাণ হারান সেনাবাহিনীর ৫৭ জন অফিসারসহ ৭৪ জন। সেই বিদ্রোহের অষ্টম বার্ষিকীতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে। এ ছাড়া তিন বাহিনীর প্রধান, বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রধান ও বিভিন্ন দলের পক্ষ থেকেও জানানো হয় শ্রদ্ধা।
আলোচনা সভায় মওদুদ বলেন, ‘সত্যিকার অর্থে যারা এই হত্যাকাণ্ডের পিছনে ছিল, তাদের কিন্তু বিচার এখনো হয় নাই। সুতরাং এটা একটা বিরাট রহস্য যে, ৫৭ জন অফিসার যাঁরা বেশির ভাগই ছিল আমাদের দেশের রত্ন মানে ব্রাইট অফিসার।’
‘তাঁদেরকে (সেনা কর্মকর্তা) এভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হলো, সরকার তখনকার সময়ে যে অবহেলা দেখিয়েছেন, এই হত্যাকাণ্ড নিবারণের ব্যাপারে, সেটা সবাই আমরা জানি।’
এর আগে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেন, ‘অনেকেরই শাস্তি ভোগ শুরু হয়েছে, যারা নাকি বিভিন্ন মেয়াদে অন্তরীণ হয়েছিল। তো আমরা মনে করি যে, আমাদের বিচার বিভাগ তাদের কাজটি সঠিকভাবে করেছেন এবং যারা যারা নাকি মৃত্যু, ডেথ রেফারেন্সের মামলায় রয়েছেন, তাঁদের, সেটাও খুব শিগগিরই আদালত থেকে ক্লিয়ার হবে এবং তাদেরও শাস্তি কার্যকর হবে।’
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘পেছন থেকে যারা ইঙ্গিত দিয়েছিল কিংবা সহযোগিতা করেছিল, আমরা যেগুলো সাক্ষী-প্রমাণ পেয়েছি, সবই আমরা নিয়ে আসছি। সাক্ষী-প্রমাণের বাইরে তো আমাদের কিছু করার নেই। যেগুলো সাক্ষী-প্রমাণ পেয়েছি, যেগুলো তথ্য আমরা পেয়েছি, সঠিক পেয়েছি, সেগুলো আমরা ব্যবস্থা নিয়েছি।’

নিজস্ব প্রতিবেদক