গমক্ষেতে মাইক্রোবাসচালকের লাশ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের কুঞ্জনগর এলাকা থেকে এক মাইক্রোবাসের চালকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রামনগর উচ্চ বিদ্যালয়ের পাশের একটি গমক্ষেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
মো. শাহজাহান শেখ (৪৫) নামের ওই মাইক্রোবাসের চালক রামনগর ইউনিয়নের উত্তর রাধানগর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত মঙ্গলবার রাতে শাহজাহান একটি সালিশে যাওয়ার পর আর বাড়ি ফেরেননি। সকালে স্থানীয়রা গমক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।
পরিবারের সদস্যদের দাবি, নিহতের গলা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মাদক বিক্রিতে বাধা দেওয়ায় এ খুনের ঘটনা ঘটতে পারে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এইচ মো. নাসিম বলেন, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

সঞ্জিব দাস, ফরিদপুর