রাজশাহীতে ৩ কারারক্ষীসহ ১৪ জুয়াড়ি কারাগারে
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের তিন কারারক্ষীসহ ১৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে মহানগরীর ডিঙ্গাডোবা এলাকা থেকে রাজপাড়া থানা পুলিশ তাদের আটক করে। আজ রোববার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের রাজপাড়া জোনের সহকারী কমিশনার সাব্বির আহমেদ সরফরাজ বলেন, ডিঙ্গাডোবা এলাকায় মাঠের ভেতর একটি ঘর বানিয়ে সেখানে জুয়ার আসর বসত। এ নিয়ে স্থানীয়রা পুলিশের কাছে অভিযোগ দিয়েছিল। এর পরিপেক্ষিতে শনিবার রাতে সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলতে থাকা অবস্থায় ১৪ জনকে আটক করা হয়। পরে তাদের নামে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন স্বীকার করেছেন ১৪ জনের মধ্যে তিনজন কারারক্ষী। তাদের পরিচয়ও নিশ্চিত করেছেন তিনি। এঁরা হলেন, মানিক হোসেন, হাবিব আহমেদ ও মিল্টন হোসেন। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

শ. ম সাজু, রাজশাহী