ফরিদপুরে ‘পাসপোর্টের দালালকে’ জেল জরিমানা
ফরিদপুরে একাধিক পাসপোর্ট ও পাসপোর্টের আবেদনপত্রসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। র্যাবের দাবি, আটক ব্যক্তি পাসপোর্ট কার্যালয়ের একজন দালাল।
পরে ভ্রাম্যমাণ আদালত উজ্জ্বল কুমার দাস নামের ওই ব্যক্তিকে ৫২ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
আজ রোববার শহরের গোল্ড সিটি মার্কেটে অভিযান চালিয়ে উজ্জ্বলকে আটক করা হয় বলে জানায় র্যাব-৮।
উজ্জ্বল শহরের গোরগোপাল এলাকার বাসিন্দা এবং উজ্জ্বল ট্রেডার্সের মালিক।
র্যাব ৮-এর ফরিদপুর ক্যাম্পের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই মার্কেটের উজ্জ্বল ট্রেডার্সে অভিযান চালিয়ে ২৬টি পাসপোর্ট, ৬৪ আবেদন ফরম, পাঁচটি পরিচয়পত্র, একটি সিল, একটি ল্যাপটপ ও তিনটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। এ সময় দোকানের মালিক উজ্জ্বল কুমার দাসকেও আটক করা হয়। তিনি জানান, দীর্ঘদিন ধরে উজ্জ্বল অবৈধপন্থায় পাসপোর্টের দালালি করছিলেন।
রইছ উদ্দিন আরো জানান, পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ মল্লিকের ভ্রাম্যমাণ আদালতে উজ্জ্বলকে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালত উজ্জ্বলকে ৫২ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

সঞ্জিব দাস, ফরিদপুর