ফরিদপুরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত
ফরিদপুরের সদর উপজেলার চর জ্ঞানদিয়া গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সূর্য শেখ নামের এক কৃষক নিহত হয়েছেন। তিনি একই গ্রামের মৃত হরবেশ শেখের ছেলে।
ফরিদপুর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. বেলাল হোসেন জানান, গত বৃহস্পতিবার দুপুরে জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে সূর্য শেখের সঙ্গে প্রতিবেশী মোফাজ্জেল শেখের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মোফাজ্জেল শেখের লোকজন সূর্য শেখ ও তাঁর পরিবারের সদস্যদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় সূর্য শেখ, তাঁর ছেলে ও ছেলের বৌ মারত্মকভাবে আহত হন।এরপর তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে গেলে সেখানেও প্রতিপক্ষের লোকজন ভর্তি হতে বাধা দেয়। পরে সূর্য শেখের অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
এর পর ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তাঁর মৃত্যু হয়।
উপপরিদর্শক মো. বেলাল হোসেন আরো জানান, এ ঘটনায় নিহত সূর্য শেখের ছেলে লালন শেখ আটজনকে আসামি করে থানায় একটি অভিযোগ জমা দিয়েছেন। এখন পর্যন্ত দুজন আসামিকে আটক করা হয়েছে।
এদিকে আজ শুক্রবার রাত ১০টায় তাঁর লাশ ঢাকা হতে ফরিদপুরের বাড়িতে নিয়ে আসা হলে বাড়িতে এক হৃদয় বিধায়ক অবস্থার সৃষ্টি হয়।

সঞ্জিব দাস, ফরিদপুর