ফরিদপুরে আধিপত্য নিয়ে পাল্টাপাল্টি হামলা, লুটপাট
ফরিদপুরের বোয়ালমারীতে পূর্ব শত্রুতার জের ধরে হামলা, পাল্টা হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
গতকাল রোববার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত উপজেলার ময়না ইউনিয়নের বেলজানী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল রোববার সন্ধ্যায় বেলজানী গ্রামের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন মাতুব্বর পক্ষের সোহেল ও তাঁর সহযোগীরা জিন্নাহ মাতুব্বর পক্ষের সাগর মোল্যার ওপর হামলা চালায়। বেলজানী বটতলা নামক স্থানে সাগরকে মারধর করে এবং একটি মোটরবাইক নিয়ে যায় প্রতিপক্ষের লোকেরা। পরে সাগরকে গুরুতর আহত অবস্থায় বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
দুর্বৃত্তরা সাগরের পায়ের গোড়ালি কেটে ফেলেছে এবং বুকে-পিঠে হাতুড়ি দিয়ে পিটিয়ে বলে জানিয়েছে চিকিৎসক।
এ ঘটনায় জিন্নাহ পক্ষের লোকজন গতকাল রাতে আলাউদ্দিন মাতুব্বর পক্ষের লোকজনের বাড়িতে হামলা চালিয়ে ১৩টি বসতবাড়ি ভাঙচুর করে এবং লুটপাট করে। এ ঘটনার জের ধরে আজ সোমবার সকালে আলাউদ্দিন মাতুব্বরের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জিন্নাহ মাতুব্বর পক্ষের বাড়িতে হামলা চালিয়ে রাসেল মোল্যা, তোফায়েল শেখ ও মোজাম মোল্যারসহ ৫০টি বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ ওঠে। হামলার সময় স্বর্ণালংকার, টিভি, ফ্রিজসহ ঘরের মালামাল লুট করে নিয়ে যায় বলে জানায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন মাতুব্বর বলেন, ‘ওই হামলার সময় ছিলাম না। তবে গতকাল রাতে জিন্নাহ পক্ষের লোকেরা আমার পক্ষের কয়েকজনের বাড়িতে হামলা ও লুটপাট করে। পরে আজ সকালে আমার লোকেরাও হামলা চালিয়ে ভাঙচুর করে।’
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, হামলার ঘটনা শুনে আজ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। তবে এ বিষয়ে কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি।

সঞ্জিব দাস, ফরিদপুর