রাজশাহীতে মাদক মামলার আসামি আলোক গ্রেপ্তার
রাজশাহীতে মাদক ব্যবসার অভিযোগে আলমগীর হোসেন ওরফে আলোক (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার সকাল ৭টার দিকে নগরীর ডাশমারী মোড় থেকে পুলিশ আলোককে গ্রেপ্তার করে। তিনি ওই এলাকারই বাসিন্দা।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর দাবি করেন, আলমগীর নগরীর একজন আলোচিত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে। সেসব মামলার তদন্ত চলছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, গত বছরের ২ নভেম্বর ডাশমারী এলাকায় মতিহার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শামিউল হকের ওপর হামলা চালায় মাদক ব্যবসায়ীরা। এতে আহত হয়ে শামিউল হক রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়। ওই মামলারও আসামি আলো।
ওসি আরো জানান, গত বছরের ২৬ ডিসেম্বর ডাশমারী এলাকায় একটি প্রাইভেটকারের ভেতর থেকে আটশ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। ওই প্রাইভেটকারে আলো ছিলেন। পুলিশ চ্যালেঞ্জ করলে তিনি পালিয়ে যান। এ ঘটনায় থানায় একটি মামলা হয়। এ ছাড়া ডাশমারী এলাকার আমান হত্যা মামলারও আসামি আলো। গ্রেপ্তার এড়াতে তিনি গা-ঢাকা দিয়ে থাকতেন।

শ. ম সাজু, রাজশাহী