চাকরির দাবিতে রাবির ফটক বন্ধ করে আ. লীগ নেতাদের বিক্ষোভ
চাকরির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফটক বন্ধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ সোমবার সকাল ৮টায় শুরু হয় এ বিক্ষোভ কর্মসূচি।
পরে বেলা ১১টার দিকে মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দীনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ফটকে গিয়ে সমাবেশ করে।
ফটক বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল করতে পারেনি। এতে করে অনেক শিক্ষার্থীই ক্লাসে উপস্থিত হতে পারেননি।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকার পরও সকাল ৮টা ও ৯টার বাস ক্যাম্পাস থেকে ছেড়ে না যাওয়ায় তাঁরা ভোগান্তিতে পড়েন। ফলে তাঁরা ঠিক সময়ে ক্লাসে যেতে পারেননি। এ ছাড়া অনেকে এলেও ফটক দিয়ে ভেতরে প্রবেশ করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাধার মুখে পড়তে হয়েছে।
.jpg)
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আজ সকাল ৮টার দিকে মতিহার থানা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আকরাম হোসেন ও মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমানের নেতৃত্বে ১৫-২০ জন বিশ্ববিদ্যালয় ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বাইরে অবস্থান নেয়। ফটক বন্ধ করে রাখায় বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন রুটে চলাচলকারী সকাল ৮টা ও ৯টার বাস ক্যাম্পাস ছেড়ে যায়নি। এতে অনেক শিক্ষার্থীর ক্লাস থাকা সত্ত্বেও ক্যাম্পাসে আসতে পারেননি। দেড় ঘণ্টা অবরোধ করে রাখার পর বিশ্ববিদ্যালয় প্রক্টর গিয়ে তাদের উপাচার্যের সঙ্গে আলোচনার জন্য ডেকে নিয়ে যান। পরে সাড়ে ৯টার দিকে আলোচনায় বসার পর আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আলোচনা শেষে মতিহার থানা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আকরাম হোসেন বলেন, ‘চাকরির বিষয় নিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি আমাদের আশ্বাস দেওয়ার পর আমরা আন্দোলন প্রত্যাহার করেছি।’
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান বলেন, ‘এখানে শিক্ষার্থীরা পড়াশোনা ও জ্ঞান অর্জনের জন্য আসে। যেকোনো বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের ফটক বন্ধ করা খুবই দুঃখজনক। আমরা সমাজের সব পক্ষের সঙ্গে বসে এ বিষয়টি সমাধানের চেষ্টা করব।’

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী