মালিতে নিহত সেনার মরদেহ দেশে আসছে কাল
নীলকণ্ঠ হাজং। ছবি : আইএসপিআর
পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোতে জঙ্গি হামলায় নিহত বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর সেনা নীলকণ্ঠ হাজংয়ের মৃতদেহ আগামীকাল শনিবার বিকেলে দেশে এসে পৌঁছাবে। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিহতের গ্রামের বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা থানার ঘিলাঘোড়া গ্রামে পূর্ণ সামরিক মর্যাদায় তাঁর সৎকার করা হবে।
আইএসপিআর আরো জানায়, গত ২৫ মে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা বামাকোতে শান্তিরক্ষী হিসেবে নিয়োজিত বাংলাদেশ ট্রান্সপোর্ট কন্টিনজেন্টের একটি জিপের ওপর সন্ত্রাসীরা অতর্কিতে গুলি চালায়। এতে সৈনিক নীলকণ্ঠ হাজং নিহত হন এবং সৈনিক সিরাজুল ইসলাম হাতে গুলিবিদ্ধ হয়ে আহত হন।
মালিতে ২০১৩ সালের পর থেকে ৪০ জনের বেশি শান্তিরক্ষীকে হত্যা করা হয়। মিনুসমাকে জাতিসংঘের সবচেয়ে বিপজ্জনক মিশন হিসেবে বিবেচনা করা হয়।

অনলাইন ডেস্ক