সুনামগঞ্জে নদীভাঙন রোধে মানববন্ধন
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় নদীভাঙন রোধে প্রয়োজনী ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
দোয়ারাবাজার উপজেলাবাসীর ব্যানারে আজ রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে এলাকার কয়েকশ মানুষ অংশ নেয়।
এ সময় বক্তারা বলেন, দোয়ারাবাজার উপজেলায় প্রতিনিয়ত নদীভাঙনের ফলে আবাদী জমি, ঘরবাড়ি নদীগর্ভে চলে যাচ্ছে। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য বারবার মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেও কোনো লাভ হয়নি। এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ সময় দোয়ারাবাজার উপজেলাকে নদীগর্ভে বিলীন হওয়ার হাত থেকে রক্ষা করতে পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, দোয়ারাবাজার সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল হক বীরপ্রতীক, আব্দুল হালিম, মুক্তিযোদ্ধা কমান্ডার সফর আলী, নদীভাঙন প্রতিরোধ কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম।

দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ