রাজশাহীতে ক্লিনিক ধর্মঘট প্রত্যাহার
প্রশাসনের সঙ্গে আলোচনার পর রাজশাহীর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিকের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
আজ বুধবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকরা এ সিদ্ধান্তের কথা জানান।
সভায় রাজশাহীর জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন, স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাক্তার আশিস কুমার সাহা, সিভিল সার্জন সঞ্জিত কুমার সাহা উপস্থিত ছিলেন। রাজশাহী ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির পক্ষে ছিলেন সভাপতি আবদুল মান্নান, সহসভাপতি ফয়সাল কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান।
ক্লিনিক মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের জরিমানার পরিমাণ সহনীয় করার দাবি প্রশাসনের পক্ষ থেকে মেনে নেওয়া হয়েছে বলে ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকরা জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার নগরীর চারটি ক্লিনিকে অভিযান চালিয়ে জরিমানা করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত। প্রতিবাদে তিন দফা দাবিতে মঙ্গলবার দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট ডাকে জেলার ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন কর্মকর্তা মো. সারওয়ার আলম জানান, স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতা নিয়ে র্যাব সারা দেশের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান শুরু করেছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১১টার দিকে তাঁরা রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকার আমানা হাসপাতাল ও রয়্যাল হাসপাতালে অভিযান চালান। এ সময় সেখানে সরকারি ওষুধ, মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল যন্ত্রপাতি ছাড়াও বিভিন্ন অনিয়ম ধরা পড়া পড়ে। এ কারণে আমানা হাসপাতালকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা ও ব্যবস্থাপক মোবারক হোসেনকে আটক করা হয়। আর রয়্যাল হাসপাতালকে পৌনে চার লাখ টাকা জরিমানা ও ব্যবস্থাপক কাজেম আলীকে আটক করা হয়েছে।

শ. ম সাজু, রাজশাহী