পুকুরে জাল ফেলে উদ্ধার হলো শিশুর দেহ
খেলতে খেলতে হারিয়ে যাওয়ার তিন ঘণ্টা পর পুকুরে জাল ফেলে উদ্ধার করা হলো তিন বছর বয়সী শিশু ফাহিমের নিথর দেহ। আজ শনিবার বিকেল সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
এ ঘটনার পর থেকে শিশুটির স্বজনদের আহাজারিতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত ফাহিমের বাবা জাকির হোসেন সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে পিয়নের চাকরি করেন। তার মা গৃহিণী। আজ তাঁরা বাড়িতেই যে যার কাজে ব্যস্ত ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, ফাহিম তার বন্ধুদের সঙ্গে বাড়ির মধ্যে খেলছিল। এরপর কখন সে যে হারিয়ে গেছে তা কেউ জানে না। দুপুর ২টা থেকে তার খোঁজে নামে সবাই। মসজিদের মাইকেও নিখোঁজের খবর ছড়িয়ে দেওয়া হয়। অবশেষে বিকেল ৫টায় বাড়ির পাশের পুকুরে জাল ফেলে তার মরদেহ উদ্ধার করা হয়।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা