রিজভী-দুদুকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নেওয়ার আবেদন (রিমান্ড) নাকচ করেছেন আদালত। তবে আগামী তিনদিনের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।
একই সাথে রিজভী ও দুদুর পক্ষ থেকে করা জামিনের আবেদনও নাকচ করেছেন আদালত। আজ বৃহস্পতিবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ আদেশ দেন।urgentPhoto
এর আগে বিশেষ পুলিশ পাহারায় রিজভী ও শামসুজ্জামান দুদুকে আদালতে হাজির করা হয়। এ সময় পল্টন ও মতিঝিলে দায়ের করা তিনটি মামলায় রিজভীকে ২৭ দিনের জন্য হেফাজতে চায় (রিমান্ড) পুলিশ। আর শামসুজ্জামান দুদুকে ছয়টি মামলায় ৬০ দিনের হেফাজতে চান তদন্তকারী কর্মকর্তা।
তবে পুলিশের হেফাজতে নেওয়ার আবেদনের বিরোধিতা করে রিজভী ও দুদুর আইনজীবীরা জামিন প্রার্থনা করেন। পরে আদালত দুই পক্ষের আবেদনই নাকচ করে দিয়ে তাদের আগামী তিন কার্যদিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
রাজধানীর বারিধারা আবাসিক এলাকা থেকে গত ৩০ জানুয়ারি রিজভীকে গ্রেপ্তার করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা (র্যাব)। অন্যদিকে ১১ জানুয়ারি গ্রেপ্তার করা হয় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে। রাজধানীর মিরপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানার পুলিশ। অবরোধ ও হরতালে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয় তাঁকে।

নিজস্ব প্রতিবেদক