হাকিমপুরে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় এক হাজার অসহায় ও দুস্থ শীতার্তদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এই কম্বল বিতরণ করে।
উপজেলার বাংলা হিলি আজিজিয়া মাদ্রাসা চত্বরে উপজেলার শীতার্তদের মধ্যে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ ফেরদৌস আলী খান। এ সময় তিনি আজিজিয়া মাদ্রাসার ছাত্রসহ উপজেলার বিভিন্ন এলাকার এক হাজার অসহায় ও দুঃস্থ শীতার্তের হাতে একটি করে কম্বল তুলে দেন।
এ সময় বিশিষ্ট আইনজীবী গোলাম মোস্তফা সরদার, মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ হারুন চৌধুরী, সমাজসেবক হেফাজ উদ্দীন, প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলুসহ অনেকে উপস্থিত ছিলেন।
ফেরদৌস আলী খান জানান, ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাজী আকরাম উদ্দিন আহম্মদ মানবতার সেবায় প্রতিবছর শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে আসছেন। এরই ধারাবাহিকতায় হাকিমপুরের অসহায় ও দুঃস্থ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

জাহিদুল ইসলাম, হিলি