হাসপাতালের ‘পর্দা কেলেঙ্কারী’ : দুই ভাই কারাগারে
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের বহুল আলোচিত ‘পর্দা কেলেঙ্কারী’র ঘটনায় উচ্চমূল্যে হাসপাতালের যন্ত্রপাতি ক্রয়ের মাধ্যমে সরকারের ১০ কোটি টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় দুই ভাইকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের অন্তবর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ার পর আজ মঙ্গলবার সকালে দুই ভাই সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সেলিম মিয়ার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান। আদালত জামিনের আবেদন নাকচ করে দিয়ে তাদের জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।
ওই দুই ভাই হলেন ঠিকাদারী প্রতিষ্ঠান অনিক ট্রের্ডাসের স্বত্ত্বাধিকারী আব্দুল্লাহ আল মামুন ও তাঁর ভাই ঢাকা বক্ষব্যাধী হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুন্সী সাজ্জাদ হোসেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদুক) আইনজীবি মজিবর রহমান বলেন, দুই আসামির জামিন বাতিল করে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গত ২৭ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুর রশীদ বাদী হয়ে ১০ কোটি টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তিন চিকিৎসক, দুইজন ঠিকাদার, একজন প্রশাসনিক কর্মকর্তাসহ মোট ছয়জনকে আসামি করে এই মামলাটি করেন।

সঞ্জিব দাস, ফরিদপুর