‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রকাশ করেছে’
রাজাকার, আল-বদর, আল-শামস, শান্তিকমিটি ও স্বাধীনতাবিরোধী তালিকা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে এ নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় একটি ব্যাখ্যা দিয়েছে। তালিকায় অনিচ্ছাকৃত ভুলের জন্য আন্তরিকভাবে দু:খ প্রকাশও করা হয়েছে।
তাতে বলা হয়েছে, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তালিকা অনুযায়ী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ তালিকা প্রকাশ করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে তালিকা যেভাবে পাওয়া গেছে, সেভাবেই প্রকাশ করা হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এতে কিছু সংযোজন ও বিয়োজন করেনি।’
আজ মঙ্গলবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই ব্যাখ্যা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ‘গত ১৫ ডিসেম্বর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় হতে রাজাকার, আল-বদর, আল-শামস, শান্তি কমিটি ও স্বাধীনতাবিরোধী ১০ হাজার ৭৮৯ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকৃতপক্ষে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় হতে নতুন কোনো তালিকা প্রণয়ন করা হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে তালিকা যেভাবে পাওয়া গেছে, সেভাবেই প্রকাশ করা হয়েছে।’
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আরো বলেছে, ‘তালিকায় বেশ কিছু নাম এসেছে বলে অভিযোগ এসেছে- যারা রাজাকার, আল-বদর, আল-শামস, শান্তি কমিটি বা স্বাধীনতাবিরোধী নন। বরং মুক্তিযুদ্ধের স্বপক্ষের বা মুক্তিযোদ্ধা। এ ধরনের কোনো ব্যক্তির নাম তালিকায় কিভাবে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রকাশিত তালিকায় ভুলভাবে যদি কারো নাম এসে থাকে, আবেদনের প্রেক্ষিতে যাচাই-বাচাই করে তাঁর বা তাঁদের নাম এ তালিকা থেকে বাদ দেওয়া হবে।’

নিজস্ব প্রতিবেদক