সাভারে লেপ-তোশক ব্যবসায়ীদের ঘরে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতি
সাভারে ভয়াবহ আগুনে চারটি বসতবাড়ি পুড়ে গেছে। আজ মঙ্গলবার ভোররাতে সাভারের বনগাঁও ইউনিয়নের নগরকোন্ডা কোর্টবাড়ী এলাকায় আলমাস উদ্দিনের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
এলাকাবাসী জানান, ওই চারটি বাড়ির ভাড়াটিয়ারা তুলা দিয়ে লেপ-তোশক বানিয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। আজ মঙ্গলবার ভোররাতে একটি কক্ষে তুলা থেকে আগুনের সূত্রপাত্র হয়। এ সময় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনের সময় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ঘরগুলোর বেশ কয়েকজন বাসিন্দা।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে এ সময় ফ্রিজ, আসবাবপত্র, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাড়ির মালিক আলমাস উদ্দিন।
ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন বনগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম।
কীভাবে আগুন লেগেছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সাভার ফায়ার সার্ভিসের পরিদর্শক লিটন আহমেদ।

জাহিদুর রহমান