সাভারে গৃহবধূকে ‘গণধর্ষণ’, দুই যুবক আটক
সাভার পৌর এলাকায় গতকাল বুধবার রাতে এক গৃহবধূ (১৯) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে আটক করেছে পুলিশ। আটক দুই যুবক হলেন শিমুল (১৯) ও জুয়েল (১৮)।
পুলিশ বলছে, গতকাল রাতে ওই গৃহবধূ মোল্লাপাড়া এলাকার একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় তাঁকে জোর করে নিজ বাড়িতে নিয়ে যান শিমুল। পরে ওই গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন শিমুল ও জুয়েল। এ সময় ধর্ষণের বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেন তাঁরা।
পরে আজ বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূ সাভার মডেল থানায় উপস্থিত হয়ে শিমুলকে প্রধান আসামি ও জুয়েলকে দ্বিতীয় আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে শিমুল ও জুয়েলকে আটক করে।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন জানান, ওই গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

জাহিদুর রহমান