‘সাধারণ সম্পাদক থাকব কি না, আল্লাহ আর নেত্রী জানেন’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামীকাল শুরু হচ্ছে আমাদের দলের জাতীয় কাউন্সিল।’ সভাপতির পদ ছাড়া অন্য সব পদেই পরিবর্তন হতে পারে—এমন আভাস দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমি দলের সাধারণ সম্পাদক হিসেবে দলকে সর্বোচ্চটা দেওয়ার জন্য আন্তরিকভাবে চেষ্টা করেছি। সামনে এ পদে থাকব কি না, সেটা মহান আল্লাহ আর আমার নেত্রী (শেখ হাসিনা) জানেন।’
আজ বৃহস্পতিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলনস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের ভিশন-২০২১ ও ভিশন-২০৪১ বাস্তবায়ন করার কথা নির্বাচনী ইশতেহারে ঘোষণা করা হয়েছে। আমাদের এবারের সম্মেলনেরও মূল লক্ষ্য হচ্ছে, আমাদের যে নির্বাচনী ইশতেহার, তা বাস্তবায়ন করা। আমরা নতুন-পুরাতন মিলে আওয়ামী লীগকে একটা উপযোগী শক্তি হিসেবে এগিয়ে নিয়ে যাব।’
আগামীকালের সম্মেলন নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এটি একটি ঐতিহাসিক আয়োজন। শীতের তীব্রতার মধ্যে সম্মেলনকেন্দ্রিক নেতাকর্মীদের ঢল প্রবল হচ্ছে। সারা দেশ থেকে আগামীকাল অসংখ্য নেতাকর্মী এ ঐতিহাসিক আয়োজনে যোগ দেবেন। আগামীকাল জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনী ভাষণ দেবেন এবং এবং বিকেলে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সামনে মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের মতো এজেন্ডা সামনে আছে। যে কারণে এই প্যান্ডেল আর মঞ্চের বাইরে আর কোনো সাজসজ্জা বা আয়োজন থাকছে না, যা হচ্ছে এখানেই।’
মন্ত্রী বলেন, ‘বিজয়কে সংহত করার পথে কিছু কিছু বাধা ও চ্যালেঞ্জ আছে। এখনো তলে তলে বড় ধরনের হামলা হতে পারে। সাম্প্রদায়িক শক্তি ও জঙ্গিবাদ নিষ্ক্রিয় হতে পারে; কিন্তু এখনো ভেতরে ভেতরে তাদের শক্তি কাজ করছে বলে আমাদের বিশ্বাস। সুতরাং সাম্প্রদায়িকতার যে বিষবৃক্ষ, তার মূল উৎপাটন করতে হবে এই বিজয়ের মাসেই। সরকার শক্তিশালী হবে যদি দল শক্তিশালী হয়। আওয়ামী লীগের বর্তমান কমিটিকে মূল্যায়ন করবে বাংলাদেশের জনগণ। সকল সফলতার পাশাপাশি ব্যর্থতাও থাকে।’
ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউন্সিলরদের মাইন্ডসেট বোঝেন। নেত্রী জানেন কাউন্সিলররা কী চায়। আবার কাউন্সিলররাও জানেন, নেত্রী কী চান। কীভাবে আওয়ামী লীগ সাজাবেন, সেটাও নেত্রী জানেন। সেটা ২১ তারিখই পরিষ্কার হবে।’
তিনি বলেন, ‘আমাদের বিকল্প আছে, কিন্তু নেত্রীর বিকল্প নেই।’

নিজস্ব প্রতিবেক