সাংবাদিককে হত্যার হুমকি, ছাত্রলীগ নেতার কারাদণ্ড
ফরিদপুরের ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি আবদুল মান্নানকে হত্যার হুমকির মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতি লুৎফর মোল্লাকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার দুপুরে ফরিদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক জি এম নাজমুস সাহাদাত এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত লুৎফর মোল্লা কাপুড়িয়া সদরদী গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় লুৎফর আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯ মে দৈনিক যুগান্তর পত্রিকার ১৮ পাতায় ‘ভাঙ্গায় ধরাছোঁয়ার বাইরে ইয়াবা সম্রাট লুৎফর’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি লুৎফরের নজরে পড়লে তিনি ক্ষিপ্ত হয়ে সংবাদিক আ. মান্নানকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন।
এ ঘটনায় ওই দিন ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেন আ. মান্নান। ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মানিক জিডিটি তদন্ত করে তার সত্যতা পেয়ে লুৎফরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। দীর্ঘদিন শুনানির পর আজ এ রায় ঘোষণা করেন বিচারক।
এর আগে চলতি বছর গত ১৪ জানুয়ারি রাতে ইয়াবা ও অস্ত্র বেচাকেনার সময় ভাঙ্গা বাজার থেকে ছাত্রলীগ নেতা লুৎফর মোল্লাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময়ে তাঁর দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি প্রাইভেটকারসহ তাঁকে আটক করে। এ মামলায় ওই ছাত্রলীগ নেতা দীর্ঘদিন জেলহাজতে ছিলেন।
এ ছাড়া লুৎফর মোল্লার বিরুদ্ধে চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানান এসআই মানিক।

সঞ্জিব দাস, ফরিদপুর