সদরঘাট থেকে সারা দেশে লঞ্চ চলাচল বন্ধ
পূর্বঘোষণা ছাড়াই আজ বুধবার ঢাকার সদরঘাট থেকে দেশের বিভিন্ন জেলায় লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকদের একটি সংগঠন। এতে সমস্যায় পড়েছেন নারী-পুরুষসহ শত শত যাত্রী।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ভূঁইয়া বলেন, ‘নৌযান শ্রমিক অধিকার সংরক্ষণ’ নামে একটি সংগঠন মঙ্গলবার রাত ১২টা থেকে ঢাকা, চাদঁপুর ও বরিশালে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রেখেছে।’
সংগঠনটি ১১ দফা দাবিতে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বলে নিশ্চিত করলেও তাদের দাবিগুলোর ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেননি ওসি রেজাউল করিম। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
এদিকে বুধবার সকাল ৬টা থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বরিশাল বা চাঁদপুরে এখন পর্যন্ত কোনো লঞ্চ ছেড়ে যায়নি।
তবে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুর রহমান পটল বলেন, ‘আমরা ওই অবৈধ সংঘঠনটির ডাকা ধর্মঘট মানি না। আজ (বুধবার) বিকেল ৫টা থেকে ঢাকা-চাঁদপুর ও ঢাকা-বরিশালসহ দেশের ৩৩টি নৌরুটে লঞ্চ চলাচল শুরু করবে।’
‘নৌযান শ্রমিক অধিকার সংরক্ষণ’ নামে সংগঠনটির ধর্মঘট প্রতিহত করতে নৌযান মালিক ও শ্রমিক ফেডারেশন এরই মধ্যে আলোচনায় বসেছে বলেও জানান তিনি।

অনলাইন ডেস্ক