সচেতন খাগড়াছড়িবাসীর মানববন্ধন
খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে সচেতন খাগড়াছড়িবাসী। এতে বেশ কয়েকটি সংগঠন অংশ নিয়ে মানববন্ধন থেকে মিথ্যা অপপ্রচার বন্ধ করাসহ এসএটিভি কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে হুশিয়ারি জানান। অন্যথায় কঠোর আন্দোলনে যাবেন বলেও ঘোষণা দেওয়া হয়। আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি জেলা শহরের শাপলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মো. মেহেদী হাসানের সঞ্চালনায় সচেতন খাগড়াছড়িবাসীর ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি এস এম নাজিম উদ্দিন। মানববন্ধনে সংহতি জানায় অ্যাডভোকেট হেমন্ত ত্রিপুরা, জাগো সংগঠনের সভাপতি নয়ন বড়ুয়া, খাগড়াছড়ি প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি মো. আবু তাহের, খাগড়াছড়ি পার্বত্য জেলার ট্রাকশ্রমিক ইউনিয়নের অর্থ-সম্পাদক রনজিৎ দে, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নুর, সনাতন ছাত্র যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি স্বপন ভট্টাচার্য, আয়োজক কমিটির সমন্বয়ক শাহাদাৎ হোসেন কায়েশসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
মানববন্ধনে অভিযোগ করা হয়, খাগড়াছড়ি থেকে দেশের বিভিন্ন স্থানে এসএ পরিবহণে আম পাঠানোর ক্ষেত্রে কেজিপ্রতি ২০ টাকা করে আদায় করছিল। এতে চাষি ও ফলব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক এসএ কুরিয়ার সার্ভিসে ঢাকায় প্রতি কেজি ১৫ টাকা এবং চট্টগ্রামে ১২ টাকা এবং সুন্দরবন পরিবহণে ঢাকায় ১২ টাকা এবং চট্টগ্রামে ১০টাকা নির্ধারণ করে দেন।
এ বিষয়কে কেন্দ্র করে এসএ টিভি এক তরফা বানোয়াট তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচার চালায়। মানববন্ধন থেকে এসএ টিভিতে এক তরফাভাবে জেলা প্রাশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসকে দায়ী করে প্রচারিত সংবাদকে মিথ্যা বানোয়াট হিসেবে চিহ্নিত করে তা প্রত্যাহারের দাবি জানানো হয়।
নিজেদের ব্যবসায়িক উদ্দেশ্যে প্রচারিত সংবাদে জেলা প্রশাসনের কোনো বক্তব্যও নেওয়া হয়নি। যা নিয়ম বহির্ভুত।
বক্তারা খাগড়াছড়ি জেলা প্রশাসকের বিরুদ্ধে এ মনগড়া সংবাদ প্রত্যাহারসহ এসএটিভি কর্তৃপক্ষ ক্ষমা চাইতে বলে। তা না হলে কঠোর আন্দোলন ও এসএ টিভি, এসএ পরিবহণসহ সংশ্লিষ্ট সবকিছু বয়কটের ঘোষণা দেন।
মানববন্ধনে সংহতি প্রকাশ করেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ চৌধুরীসহ বেশ কয়েকটি সংগঠন।

আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি