শার্শায় সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ
যশোরের শার্শা উপজেলায় চাঞ্চল্যকর প্রিন্স হত্যা মামলার তথ্য সংগ্রহ করায় সাংবাদিক শিশির কুমারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে সাংবাদিক শিশির আজ সোমবার শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
সাংবাদিক শিশির কুমার সরকার বলেন, ‘২০০৪ সালের আগস্ট মাসে শার্শা উপজেলার নিজামপুর গ্রামের মাঠে বেনাপোলের প্রিন্স নামের এক মোটরসাইকেল চালককে হত্যা করা হয়। ওই হত্যার ঘটনায় বখতিয়ার রহমান নামের একজন বাদী হয়ে শার্শা থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় এজাহারভুক্ত আসামিরা হলেন উদ্ভাবক মিজানুর রহমান, ইকবাল হোসেন, আকরাম হোসেন, সেকেন্দার আলী। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।’
সাংবাদিক শিশির আরও বলেন, ‘হত্যা মামলার ঘটনা নিয়ে গত শনিবার বিকেলে বেনাপোলের নারায়ণপুর পোড়াবাড়ী গ্রামে তথ্য সংগ্রহ করতে যাই। এরপর গতকাল রোববার রাতে মিজানুর রহমান দলবল নিয়ে আমার নাভারণের ভাড়া বাসায় গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও আমাকে হত্যার হুমকি দেন। এ ঘটনায় আমি থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।’
উদ্ভাবক পরিচয়দানকারী মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘প্রিন্স হত্যা মামলাটি শেষের পথে। শিশির কেন এই মামলাটি নিয়ে নিউজ করতে চায়? ওকে জবাব দিতে হবে। ওকে হত্যা করা হবে। শিশির আমার ছেলে সম্রাট ও মামলার বাদী বখতিয়ারের বক্তব্য ভিডিও করেছে টিভিতে প্রচার করবে বলে। আমি ঘটনাটি ওসিকে বলেছি। এসপি, ডিসিকে বলব। সব প্রশাসন আমাকে চেনে।’
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বেনাপোল প্রেসক্লাব, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রিপোর্টারস ক্লাব।
জেলার সংবাদকর্মীরা অভিযুক্ত হুমকিদাতা মিজানুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

মহসিন মিলন, বেনাপোল