রাজৈর উপজেলায় উপনির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার জয়
মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মো. রেজাউল করিম শাহিন চৌধুরী জয়লাভ করেছেন। নির্বাচনে মো. রেজাউল করিম ৬০ হাজার ৫৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। অন্যদিকে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাজী মো. মহসিন মিয়া পেয়েছেন ২৭ হাজার ৮১৫ ভোট।
মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
এ উপনির্বাচনে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। শতকরা ৪৮ ভাগ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন বলে জানা গেছে। ব্যালট পেপারের মাধ্যমে ভোটারেরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ৬৪টি ভোটকেন্দ্রে ভোট দেন তাঁরা।
২০২১ সালের ১৩ জুলাই মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব মিয়ার মৃত্যুতে এ পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর গতকাল বৃহস্পতিবার উপনির্বাচনের জন্য ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়।
এদিকে, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচনি এলাকায় ১০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতায়েন ছিলেন। এ ছাড়া প্রতিটি কেন্দ্রে পাঁচ জন পুলিশ, ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। নির্বাচনি এলাকায় তিন প্লাটুন বিজিবি, পুলিশের স্ট্রাইকিং ফোর্স ও র্যাবের টিম আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করেন।

এম. আর. মুর্তজা, মাদারীপুর