রাজধানীতে মাদকসহ ৪৮ জন গ্রেপ্তার
রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার সকালে বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন ডিএমপির জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান।
মাসুদুর রহমান বলেন, ‘ডিএমপির কয়েকটি থানায় অভিযান চালিয়ে মোট ৪৮ জন মাদকসেবী ও বিক্রয়কারীকে গ্রেপ্তার করা হয়েছে। থানা ও গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা তাদের অপরাধ স্বীকার করে নিয়েছে।’
উপকমিশনার আরো বলেন, ‘গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে এক হাজার ৭৬৫ পিস ইয়াবা, ২৩ বোতল ফেনসিডিল, তিন বোতল দেশি মদ, ১০০ পুরিয়া হেরোইন ও প্রায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা করা হয়েছে।’

নিজস্ব প্রতিবেদক