যৌন হয়রানি থেকে বাঁচতে চলন্ত অটো থেকে কলেজছাত্রীর ঝাঁপ
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দুর্গাপূজার কেনাকাটা করতে যাওয়ার পথে এক কলেজছাত্রীকে অটোরিকশার ভেতর যৌন হয়রানির অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুরে শেরপুরের কারারপাড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে দুর্গাপূজার কেনাকাটা করার জন্য ওই ছাত্রী আয়নাপুর গ্রাম থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে শেরপুর শহরের উদ্দেশে রওনা দেন। এ সময় ওই অটোরিকশায় চালক, ছাত্রীসহ দুজন যাত্রী ছিল। পথে কারারপাড় নামক স্থানে এলে আয়নাপুর গ্রামের বাসিন্দা হানিফ মিয়া (২৯) নামের এক যাত্রী মেয়েটিকে যৌন হয়রানি শুরু করেন। হয়রানির মাত্রা বেড়ে গেলে মেয়েটি চিৎকার করতে থাকেন। কিন্তু জায়গাটি ফাঁকা থাকায় কেউ এগিয়ে আসেনি।
পরে চালককে অটোরিকশা থামাতে বললেও তিনি থামাননি। একপর্যায়ে মেয়েটি চলন্ত অটোরিকশা থেকে ঝাঁপ দেন। এতে তিনি রাস্তার পাশে পড়ে আঘাতপ্রাপ্ত হলে অটোরিকশার চালক দ্রুত সটকে পড়েন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে মেয়েটি ঝিনাইগাতী থানায় অভিযোগ দায়ের করেন।
ঝিনাইগাতীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফায়েজুর রহমান বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। বখাটে হানিফকে ধরতে পুলিশি অভিযান চলছে।’

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)