যশোরে ১০ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
যশোরের মনিরামপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নূরুল হক ওরফে কেরু নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে। নিহত নুরুল হকের বাড়ি মনিরামপুর উপজেলার ভোজগাতি গ্রামে।
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুর ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নুরুল হককে নিয়ে তার সহযোগীদের ধরতে কেশবপুর থানা পুলিশের একটি দল মনিরামপুরে অভিযানে এসেছিল। এ সময় নুরুল হকের সহযোগীদের সঙ্গে পুলিশের গুলিবিনিময় হয়। একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান নুরুল হক। পরে মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, নিহত নুরুল হক একজন চিহ্নিত ডাকাত। গতকাল দুপুরে কেশবপুরের চিংড়াখালিতে ইজিবাইক ছিনতাইকালে স্থানীয় লোকজন তাকে ধরে পুলিশে দেয়। তার বিরুদ্ধে ১০টি ডাকাতির মামলা আছে। এ ছাড়া অস্ত্র মামলায়ও তিনি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
ওসি বলেন, নুরুল হকের সহযোগীদের ধরতে বৃহস্পতিবার রাতে মনিরামপুরের বেগারিতলায় সর্দারবাড়ি নার্সারির সামনে পৌঁছালে নুরুল হকের সহযোগীরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান নুরুল হক। ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটার গান, একটি গুলি ও চারটি দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

সাইফুল ইসলাম সজল, যশোর