যশোরে দুই যুবককে কুপিয়ে হত্যা
যশোরের মণিরামপুর উপজেলার বারপাড়া গ্রামে বাদল (২৪) ও আব্দুল আহাদ (২৫) নামের দুই যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত বাদল যশোর সদর উপজেলার জয়ন্তা গ্রামের মুক্তার গাজীর ছেলে এবং আব্দুল আহাদ একই গ্রামের লোকমান হোসেনের ছেলে। বাদল স্থানীয় কেবল অপারেটরের লাইনম্যান হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানান, ঘটনার সময় বাদল ও আহাদ বারপাড়া গ্রামের ফাঁকা মাঠের মধ্যে বসে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা অতর্কিতে তাঁদের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই বাদল মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আহাদের।
যশোর সিটি কেবলের ব্যবস্থাপনা পরিচালক মীর মোশাররফ হোসেন বাবু বলেন, ‘নিহত বাদল স্থানীয় কেবল অপারেটরের লাইনম্যান হিসেবে কাজ করতেন। তবে বেশ কিছুদিন হলো তিনি কাজ ছেড়ে দিয়েছেন।’
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ওই দুই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।’

সাইফুল ইসলাম সজল, যশোর