যশোরে করোনা পরীক্ষার ল্যাব স্থাপিত হয়েছে : স্বাস্থ্য অধিদপ্তর
দেশের অন্য জেলার মতো যশোর জেলায়ও করোনাভাইরাসে আক্রান্তর তথ্য পাওয়া গেছে। তাই যশোরে করোনাভাইরাসের সংক্রমণ রোধ করার জন্য এবং নতুন রোগী শনাক্তের জন্য নতুন ল্যাব স্থাপন করা হয়েছে। এখন থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাস পরীক্ষা করা যাবে। এতে যশোরের আশপাশের জেলার নমুনা সেখানেই পরীক্ষা করা যাবে বলে জানিয়েছে আইইডিসিআর।
আজ শনিবার অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ কথা বলেন। তিনি বলেন, ‘আজ একটি ভালো খবর রয়েছে। তা হলো নতুন করে ল্যাব সংযোজিত হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। যশোরের আশপাশের জেলার নমুনা এখন থেকে সেখানেই পরীক্ষা করা হবে।’
এর আগে আজ একই ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিউটের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, আজ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো নয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮৪ জন হয়েছে। এ ছাড়া নতুন করে গত ২৪ ঘণ্টায় ৩০৬ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দুই হাজার ১৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হলো। নতুন করে সুস্থ হয়েছে আটজন । এ নিয়ে মোট ৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হলো।

নিজস্ব প্রতিবেদক