মুন্সীগঞ্জে বেদেদের মধ্যে উত্তরণ ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ
করোনাভাইরাসের প্রভাবে মুন্সীগঞ্জে ক্ষতিগ্রস্ত বেদে সম্প্রদায়ের এক হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে উত্তরণ ফাউন্ডেশন। আজ বুধবার বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নে ৫৫০ বেদে পরিবার ও সদরের মিরকাদিম পৌরসভার কমলাঘাট এলাকায় ৪৫০ বেদেপরিবারে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জেলা পুলিশের আয়োজনে উত্তরণ ফাউন্ডেশনের বাস্তবায়নে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেকটি পরিবারকে পাঁচ কেজি চাল, পাঁচ কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি সয়াবিন তেল ও এক কেজি পেঁয়াজ দেওয়া হয়।
জেলা পুলিশ সুপার আব্দুল মোমেনের সভাপতিত্বে স্থানীয় বেদেদের মধ্যে খাদ্যসামগ্রী তুলে দেন পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি-প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপরাধ) জিহাদুল কবির।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জায়েদুল আলম, বিশিষ্ট অভিনেত্রী মোমেনা চৌধুরী প্রমুখ।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ