মানিকগঞ্জে স্বল্পমূল্যে কিডনি ডায়ালাইসিস সেবা চালু
মানিকগঞ্জের গড়পাড়ায় সাহেরা-হাসান মেমোরিয়াল হাসপাতালে এখন থেকে কিডনি রোগীদের ডায়ালাইসিস সুবিধা চালু হয়েছে। অন্যান্য সেবা কেন্দ্রের তুলনায় এখানে খুব অল্প মূল্যে ডায়ালাইসিস দেওয়া হবে। হাসপাতালটি মূলত একটি অলাভজনক স্বাস্থ্য সেবা কেন্দ্র।
হাসপাতালের সূচনা লগ্ন থেকে দরিদ্র রোগীদের সুচিকিৎসার জন্যে হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মিত সেবা দিয়ে যাচ্ছে।
এই হাসপাতালে আজ শনিবার নতুন দুটি ডায়ালাইসিস মেশিন সংযোজনের উদ্বোধন করেন হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং হলি ফ্যামিলি ও রেড ক্রিসেন্ট হাসপাতালের সাবেক গাইনি প্রধান অধ্যাপক ডা. রওশন আরা বেগম।
এ বিষয়ে ডা. রওশন আরা বেগম বলেন, ‘আমার মায়ের ও বোনেরও এই ডায়ালাইসিস দেওয়া হয়ে ছিল। মানিকগঞ্জ থেকে ঢাকা বা সাভারে এই ডায়ালাইসিস নেওয়াটা যেমন ব্যয়বহুল তেমনি কষ্টকরও। আমাদের এই প্রতিষ্ঠানটি একটি অলাভজনক প্রতিষ্ঠান। আমি এখানে মাতৃসেবা দিয়ে থাকি। তার পাশাপাশি এই ডায়ালাইসিস সেবাটাও দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। করোনার প্রকোপের কারণে আমাদের এই পদক্ষেপ কিছুটা বিলম্বিত হলো। ২৪ ঘণ্টা এই স্বাস্থ্য সেবাটি খোলা থাকবে বলেও জানান তিনি।
২০০১ সালে গড়পাড়ার চান্দইর গ্রামে প্রতিষ্ঠিত সাহেরা-হাসান মেমোরিয়াল হাসপাতালটি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা রোগীদের সেবা দিয়ে আসছে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ