মালয়েশিয়া থেকে শ্রমিকদের ফিরিয়ে আনতে ১৬টি বিশেষ ফ্লাইট
মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি অবৈধ শ্রমিকদের দেশে ফিরিয়ে আনতে ১৬টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
আজ বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়ার সরকার ঘোষিত ‘ব্যাক ফর গুড’ কর্মসূচির আওতায় সে দেশে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা টু মালয়েশিয়া রুটে তাদের নিয়মিত ফ্লাইটের অতিরিক্ত হিসেবে ১৬টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে।
প্রবাসী শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য বোয়িং ৭৩৭ ও ৭৮৭-৮ ড্রিমলাইনার দিয়ে এসব ফ্লাইট পরিচালনা করা হবে। মালয়েশিয়ান সরকার ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় টিকেট সংকটের কারণে আটকে পড়ায় তাদের সহায়তা করতে এবং সুস্থভাবে বাড়ি ফিরিয়ে আনার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এ প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, ‘জাতীয় পতাকাবাহী সংস্থা হিসেবে দেশের মানুষের প্রতি বিমানের সবসময়ই একটি দায়বদ্ধতা রয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনস সেই দায়বদ্ধতা থেকেই দেশের মানুষ ও প্রবাসী শ্রমজীবী ভাইবোনদের প্রতি দায়িত্ব পালনের অংশ হিসেবে এই বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।’
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক বলেন, ‘আমাদের প্রবাসী ভাইদের সাহায্য করতে পেরে আমরা আনন্দিত। দেশের ও দেশের মানুষের স্বার্থ ও প্রয়োজনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তর সংস্থাগুলো সবসময়ই প্রস্তুত।’
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মালয়েশিয়ান সরকার সে দেশে বসবাসরত বাংলাদেশি অবৈধ শ্রমিকদের দেশে ফিরে আসার সুযোগ প্রদান করলেও টিকেট সংকটের কারণে সেখানে অনেক শ্রমিক আটকে আছে। সময়মতো ফ্লাইট না পাওয়ায় তারা এ সুযোগ কাজে লাগিয়ে দেশে ফিরতে গিয়েও বিপাকে পড়েছে। মালয়েশিয়ার সরকার ঘোষিত এ সুযোগ এ বছরের ৩১ ডিসেম্বর শেষ হবে।

নিজস্ব প্রতিবেদক