মাটি খুঁড়ে মিলল ২২৬৫ বোতল ফেনসিডিল, ১৫ কেজি গাঁজা
দিনাজপুরের বিরামপুর সীমান্তে বিপুল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল ও গাঁজা জব্দ করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা আজ সোমবার সকাল ৭টায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য জব্দ করে। যার আনুমানিক মূল্য নয় লাখ ৫৮ হাজার ৫০০ টাকা। জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মুহম্মদ ফেরদৌস হাসান টিটো এর সত্যতা নিশ্চিত করেছেন।
বিরামপুর উপজেলার দাউদপুর বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার মো. হেলাল উদ্দিন বলেন, ‘আজ ভোরের দিকে বিরামপুরের দক্ষিণ দাউদপুর সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পাই স্থানীয় কবিরাজ পাড়া এলাকার একটি বাঁশঝাড়ের মধ্যে মাটির নিচে বিপুল মাদকদ্রব্য পুঁতে রাখা আছে। পরে সকাল সাড়ে ৭টার দিকে সেখানে গিয়ে মাটি খুঁড়ে দুই হাজার ২৬৫ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
নায়েব সুবেদার মো. হেলাল উদ্দিন আরো জানান, মাদক চোরাকারবারিরা ভারত থেকে ফেনসিডিল ও গাঁজাগুলো দেশে পাচারের উদ্দেশে এনেছিল। কিন্তু বিজিবি সদস্যরা সতর্ক থাকায় তা সম্ভব হয়নি। উদ্ধার করা আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল ও গাঁজা সিজার লিস্টের মাধ্যমে জয়পুরহাট ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে।

জাহিদুর রহমান, হিলি