বেনাপোল দিয়ে আজ দেশে ফিরেছে ৮০ জন
ভারতে আটকেপড়া ৮০ জন পাসপোর্টযাত্রী আজ রোববার বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে। এদের মধ্যে একজন মৃত ব্যক্তির লাশও রয়েছে। তাদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে পাঠিয়ে দেওয়া হচ্ছে নিকটস্থ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে।
আজ রোববার সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ পথে ভারত থেকে আটকেপড়া চিকিৎসা ও ভ্রমণ শেষে দেশে ফেরেন ৭৯ জন নারী, পুরুষ ও শিশু। মৃত ব্যক্তি ভারতে চিকিৎসা নিতে গিয়েছিলেন।
বেনাপোল ইমিগ্রেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আহসান কবির বলেন, ‘ফেরত আসাদের বিশেষ নিরাপত্তায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হচ্ছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে এদের পুলিশ, বিজিবি, উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা নির্দিষ্ট গন্তব্য নিয়ে গেছেন।’
বেনাপোলের মেডিকেল কর্মকর্তা শুভংকর কুমার জানান, ভারত থেকে ফেরত আসা পাসপোর্ট যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ১৪ দিন রাখা হবে। আজ যে ৭৯ জন যাত্রী এসেছে এদের আমরা যশোর-বেনাপোল মহাসড়কের গাজিরদরগাহর একটি মাদ্রাসায় নিয়ে যাব। সেখানে এরা কোয়ারেন্টিনে থাকার পর যদি কারো শরীরে করোনা সংক্রামক ধরা না পড়ে সরাসরি বাড়ি চলে যাবে।’

মহসিন মিলন, বেনাপোল